“খোলা মাঠে শুয়ে, কখনও সূর্যোদয় দেখেছিস?”
“সেবার লক্ষ্মীপুজোর রাতে, সোনা-দা ওদের গ্রামে নিয়ে মাল খাইয়েছে। রাত ভোর হয়ে গিয়েছিল। তখন দেখেছি।”
“অত রাতে কেন?”
“ওদের গ্রামে, অদ্ভুত নিয়ম। লক্ষ্মীপুজোর রাতে, প্যাঁচা না ডাকলে কেউ প্রসাদ খাবে না। গ্রাম শুদ্দু সবাই উপোস করে, প্যাঁচা খুঁজে বেড়াচ্ছে। আমরা আমবাগানের পিছনে চাটাই বিছিয়ে বসেছি। বসে বসে মশা তাড়ানোই সার। দলেদলে লোকজন প্যাঁচা দেখতে আসছে।”
“শেষমেষ প্যাঁচা এসেছে?”
“কী জানি? অন্য কোন এক গাঁয়ে, হয়তো ডাকল, অমনি রাজ্যি জুড়ে প্রচার হয়ে গেলো। তারপর সবাই গিয়ে প্রসাদ খায়। আমরাও বোতল খোলার সুযোগ পাই।”
“তাহলে, সেদিন সকাল কেমন দেখলি?”
“কেমন আর? ওই ঘাসগুলো ভেজা ভেজা। কোথা থেকে এক টুকরো আলো এসে পড়ে, যেন ঘাসের ওপর টুনি জ্বালিয়ে যায়।”
“হুঁ, দিনের শুরুটা ভাল্লাগে। সব কিছুরই শুরুটা ভালো। স্বপনদা নিজে হাতে রতনকে লাইনে আনলো, সেদিন রতন কী খুশি! হাতে করে ক্ষুর চালানো শেখালো স্বপনদা। কীভাবে নলি কেটে যায়। রতন যেন ম্যজিক শিখে ওই সকালের আলোর মতো নাচতে থাকে। কিন্তু পরে কী হল?”
“কী হল, দাদা?”
“সেকী তুই জানিস না? স্বপনদার নলিকাটা বডিটা সোনাই সায়রে কাদার মধ্যে ভুট হয়ে পড়েছিল।”
“সেটা রতনের কাজ?”
“ও ছাড়া অমন ভাবে কে করবে?”
“গুরুমারা বিদ্যে?”
“তোকেও আমার ভয় করে।”
“কেন? তোমায় গুরু মানি বলে?”
“কী জানি? এত যত্ন করে খট্টা ধরা শেখালাম।”
“তাও তো পুরোটা এখনও শিখিনি। শুধু ওয়ান শাটার। তোমার মতো নাইন এমএম, হাতে ধরে দেখিও নি।”
“আগে ওয়ান শাটারের কোটা শেষ কর।”
“চারটে তো হয়েছে। এখনও কোটা শেষ হয় নি?”
“এক সময় দিল্লিতে সাহেবদের গাড়ি চালাতাম। নতুন কাজে গেলে, মালিক প্রথমে জিজ্ঞেস করত, কটা ঠুকেছো? প্রথমে বুঝিনি কী জানতে চাইছে? আমায় যে নিয়ে গিয়েছিল, সে বলল কটা অ্যাকসিডেন্ট করেছি, জানতে চাইছে। আমি কমিয়ে সমিয়ে বলতাম। পরে বুঝলাম, যতগুলো ঠুকেছি, ততগুলো অভিজ্ঞতা। সেটাই কোটা। তুইও অভিজ্ঞতা বাড়িয়ে নে।”
“কাজ দিলে, তবে তো অভিজ্ঞতা বাড়বে! এখন তো কাজই নেই।”
“মন্ত্রী জেলে আছে, এখন একটু আস্তে খেলতে হবে। পুলিশ ধরলে, কে ছাড়াবে?”
“পুলিশকে তো জলপানি দেওয়া আছে।”
“তুই এখনও ছেলেমানুষ থেকে গেলি!”
“কেন?”
“ঘুষও রিচার্জ করাতে হয়। কবে একবার টাকা ভরেছিস, তাই দিয়ে চলবে? এসব কেসেও মান্থলি রিচার্জ করাতে হয়। মন্ত্রী নিজে সাইডলাইনে থাকলে, হবে?” [mafia]

“তাহলে আমাদের কী করে চলবে?”
“এই জন্যেই তো খবর এসেছে, ক’দিন আন্ডারগ্রাউন্ড থাকতে হবে।”
“বেশ! এই সুযোগে বিয়েটা করে ফেলি?”
“বিয়ে?”
“হ্যাঁ।”
“মেয়ে দেখা আছে নাকি?”
“ওই আর কী?”
“বলতে, লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে?”
“যাঃ তোমার কাছে লজ্জা! তুমি হলে গুরুদেব।”
“ভালো, তবু তোর কেউ আছে।”
“কেন গুরু, তোমার তো অনেকে আছে।”
“ও সব তো ধান্ধাওয়ালি। টাকা চেনে, আমায় না।”
“সে না হয়, এখন তোমার নামডাক হয়ে গেছে। লোকে ঘেঁষতে ভয় পায়। আগে কখনও কেউ ছিল না?”
“না রে! একবার অন্যের প্রেম-র জন্য কাজ করেছিলাম। রজত বলেছিল ওর মাসুকার সাথে বন্দোবস্ত করে দিতে। রজত নাকি সাহস করে বলতে পারছে না!”
“রজত কে?”
“আমাদের গ্রামে থাকে। হেব্বি পড়াশুনা। কিন্তু কোন কাজের না। আজও চাকরি পায়নি। আমি বললাম দশলাখ দিতে, ডিসকাউন্টে চাকরি করে দেবো। তা আদর্শ দেখালো। এখন তো মন্ত্রীও জেল-এ, চাকরি চাইলেও পাবে না।”
“তা রজতের মাসুকার কী হল?”
“কী আর হবে? বেকার মালকে কেউ পোঁছে?”
“তুমি আলাপ করিয়েছিলে?”
“হ্যাঁ একদিন কদমতলা বাজারের পিছনে, মেয়েটাকে ডাকলাম। রজতও ছিল।”
“উরিব্বাস! তারপর কী হল?”
“তেমন কিছু না।”
“বল না গুরু! আমার প্রেমের বই দেখতে ঘ্যামা লাগে।”
“লাগালাগির কী আছে? মেয়েটা এলো, বললাম, তোমার সাথে রজত একটু ফিটিং করে দিতে বলেছে। ও ইন্টু সিন্টু করতে চায়।”
“তুমি এটা সরাসরি বললে?”
“তবে কী? আমার পস্টো কথা।”
“তারপর কী হল?”
“মেয়েটা আর রজত দুজনে, দুই দিকে চলে গেল। আমি আর কী করি? বাইক নিয়ে ফিরে আসি।”
“ধ্যাৎ! তুমি একটুও রোমান্টিক না। পেটো বাঁধার সময় সুতলিগুলো ভালো করে কেরোসিনে ভিজিয়ে আস্তে ধীরে টানতে হয়। না হলে, গরম হয়ে, হাতেই ফেটে যাবে।”
“তা তো হবেই, তার সাথে রোমান্টিকের কী সম্পর্ক?”
“রোমান্সও ধীরে ধীরে গোটাতে হয়, না হলে ওই হাতেই ফেটে যাবে।”
“যা যা, অতো জ্ঞান দিস না।”
“তোমায় কী জ্ঞান দিতে পারি? আসলে, এ হল নৌকার খেলা। সোজা দাঁড়ে বাইতে হবে। লুডোর মতো ছক্কা পুটে হবে না।”
“খুব খেলোয়াড় মনে হচ্ছে?”
“তোমার সাকরেদি করে হাত পাকানোর চেষ্টা করছি।”
“তেল দিতে হবে না। বালির পারমিট রিনিউ করেছিলি?”
“মন্ত্রী জেলে, তাই দিতে চাইছিল না। বারোশো গাড়ির পারমিট কমিয়ে আটশো করে দিয়েছে।”
“সেকীরে? বলিস নি তো?”
“তুমি তো দুসপ্তাহ আন্ডারগ্রাউন্ড। দেখা না হলে কী করে বলবো?”
“তো? এখন ক’গাড়ি মাল যাচ্ছে?”
“পাঁচ হাজার।”
“ইশ! তার মানে আটশোর কাগজ আছে, আর বাকিগুলোকে ফালতু ফালতু একগাদা করে ফাইন করবে!” [sourav story]

“তোমার কথাই ঠিক।”
“কোন কথা?”
“ওই যে বললে, রিচার্জ করতে হয়।”
“হুঁ। মন্ত্রী নেই, ওর সান্ত্রীকেও দিল্লি নিয়ে গেছে। অন্যদিকে সবকটা ফ্ল্যাট তালা মেরে দিয়েছে। কাজটা করব কী করে?”
“খুব সমস্যা! কাজের পরিবেশটাই চলে যাচ্ছে।”
“আর কতদিন যে, হাতগুটিয়ে থাকতে হবে?”
“সময় হয়ে গেছে।”
“কীসের?”
“মুক্তির”
“মানে?”
“আর হাত গোটাতে হবে না।”
“তুই শাটার তাক করছিস কেন?”
“ভয় পেও না, গুরু। তেমন কষ্ট দেবো না।”
“কী সব বলছিস?”
“কিছু না গুরু! মন্ত্রীর হুকুম।”
“সে তো জেল-এ?”
“তাতে কী হয়েছে? জেল থেকে কাজ হয় না?”
“আমি তো সব ঠিকঠাক কাজ করেছি।”
“কোন ফ্ল্যাটে কত টাকা? সে সব খবর কী আর এমনি এমনি যায়?”
“আচ্ছা? তোকে হাতে ধরে শেখালাম, তুই আমাকেই?”
“এবার নাইন এমএম-টা পাবো।”
“সে না হয়, আমারটা নে। এই যে..”
“উহুঁ পকেটেই থাক। বের করতে হবে না।”
“তোর বোঝার ভুল হচ্ছে। আমার তো অত ক্ষমতাই নেই।”
“তোমার আরপিএফ-এর চাকরি। কোনদিন হাজিরা দিতে হয় না। বদলিতে রামস্বরূপ খাটে। সেটা কি ভুল?”
“আহা! একটা গরীব মানুষ করে খাচ্ছে, ওই দিকে তোর নজর?”
“আচ্ছা সে না হয় কনস্টেবল। কিন্তু তোমার দীঘা, পুরীর হোটেল?”
“আরে পাগল! ও সবই তো সভাপতির, আমি তো অছি মাত্র।”
“তোমার ঘি-এর ফাক্টরি। বিগ বাজার, স্পেনসার সব জায়গাতেই তোমার কোম্পানির ঘি বিক্রি হয়।”
“বিশ্বাস কর, ওরা টাকা দেয় না। কত মাসের ঘি-এর দাম বাকি পড়ে আছে, জানিস? ওদিকে মার্জিনও নেই।”
“মন খারাপ কোরো না। আমি আর কতদিন ওয়ান শাটারে পড়ে থাকব? আমারও প্রোমোশান চাই।”
“তাই বলে, আমাকে?”
“দেখো, মৃত্যুই জীবনের সার্থকতা। ভয়ের কিছু নেই।”
“ভাট বকিস না। তোকে এই সব কে শিখিয়েছে?”
“আমার মায়ের গুরুদেব। তোমার মতো নাইন-এম-এম-ধারী গুরুদেব না। গলায় কন্ঠী, হাতে জপের মালা। সে বলতো, ভয় লুকিয়ে থাকে মনের গভীরে, বাইরে কিছু নেই।”
“নলটা সরিয়ে কথা বল। শুনতে ভালো লাগছে।”
“ওদিকে তাকিও না। নিজের ফেলে আসা পথের দিকে তাকাও।”
“সেখানে তো সব স্মৃতি।”
“ঠিক তাই, মায়ের গুরুদেব বলতো, মনের মধ্যে সমস্ত তথ্য জমা হয়। পেন ড্রাইভের মতো, সব টাকার হিসেব থাকে। তারপর থাকে বুদ্ধি, সেই পেনড্রাইভকে কাজে লাগিয়ে, কাকে চাকরি দেবে, কাকে দেবে না ঠিক করে। আর লাইব্রেরির মতো কম্পিউটারে জমা থাকে চিত্ত। যা দিল্লির গোয়েন্দারা তুলে নিয়ে গেছে। মুছে যাওয়া পেনড্রাইভ ঠিক খুলে বের করে নেবে। আর সব শেষে অহঙ্কার, যার ফলে, কেউ কেউ এখনও স্টেজে দাঁড়িয়ে ভুলভাল শ্লোক আউড়ে জেলে যাওয়া চোরডাকাতকে ‘বীর’ বলে।”
“তুই জানিস? কার নামে কীসব, যা তা বলছিস?”
“আমি বলি নি। এটা মায়ের গুরুদেব-এর কথা।”
“মায়ের গুরুদেব ভুল শ্লোক বলেছে?”
“তা বলেনি, কারণ উনি শুদ্ধ শ্লোকগুলো জানেন। বলেছেন, ঢেউকে কি সমুদ্র থেকে আলাদা করা যায়?”
“কিন্তু বড় ঢেউ আর ছোট ঢেউ তো এক না।”
“আন্ডারগ্রাউন্ডে ছিলে, তাই এক হয়ে গেছে। না হলে, তোমার চারপাশের বাউন্সারের ঢেউ ডিঙিয়ে কি আসতে পারতাম?”
“যে কোন সময় পুলিশ আসতে পারে কিন্তু?”
“আজ আসবে না।”
“কেন? তোকে বলে আসবে?”
“আজ সবাই বাসস্ট্যান্ড যাবে।”
“সেখানে কী?”
“পরীক্ষায় পাশ করে ধর্ণায় বসেছে।”
“সব বিরোধীদের নাটক।”
“এটা তো ঠিক নয়।”
“কীসের ঠিক নয়? যারা টাকা দিয়েছে, তাদের চাকরি না-দেওয়া কি ঠিক হতো?”
“বাঃ রে? টাকা কেন দিতে হবে?”
“সব কিছু মাগনা হবে নাকি? ট্রেনে উঠলে টিকিট কাটিস না?”
“ওরা তো পরীক্ষা দিয়েছিল। সেটাই তো টিকিট।”
“ও সব বললে হবে? যে খেলার যা নিয়ম। তুই পাটনা যাবি আর টিকিট কাটলি পাঁশকুড়ার, হবে?”
“ধ্যাৎ, গুরু তোমার মাথা গুলিয়ে গেছে।”
“নলটা সরা, মাথা ঠিক হয়ে যাবে।”
“আহঃ বললাম না? ওটার দিকে তাকিও না।”
“তবে কী তোর দিকে তাকিয়ে কথা বলব?”
“আর তো বেশি কথা বলার নেই। এবার একটু শান্ত হয়ে ভোরের অপেক্ষা করি? তোমারও তো ভোর ভালো লাগে, বললে। তাইতো ঊষালগ্নেই সব ঠিক হয়ে যাবে।”
“বড্ড বাজে কথা বলছিস। একবার নাগাল পেলে কিন্তু, তুই যে আমার সাগরেদ, মনে রাখব না।”
“কে যে কার? কেইবা মনে রাখে? মন্ত্রীরা সব জেলে ঢুকছে, রাজা কি মনে রাখছেন? দিব্যি কমিটি থেকে নাম কাটিয়ে দিলেন।”
“তুই কিন্তু বড্ড বাড় বেড়েছিস। কার সম্পর্কে কী বলছিস, খেয়াল আছে?”
“আমার খেয়াল নিয়ে তুমি আর চাপ নিও না। সব খেয়াল ধ্রুপদ ধামার এক হয়ে যাবে।”
“দাঁড়া এক করছি!”
“উহুঁ পকেট থেকে হাত সরাও। তোমার হাতে আর পেন্সিল নেই যে, হিসেব করবে।”
“কিন্তু তোরও তো বালির হিসাব আছে, তার বেলা কিছু নয়?”
“ঠিক, তারও কেউ হয়তো নজর রাখছে। একদিন আমিও খরচা হয়ে যাবো।”
“একদিন কেন? হয়তো আজই?”
মাঝরাতে ধর্ণামঞ্চ থেকে রজতদের তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। প্রচুর ধ্বস্তাধ্বস্তি। তবু তার মধ্যেও রজত খুশি, অন্ততঃ পাঁচ ছটা ক্যামেরার সামনে নিজেদের কথাগুলো বলতে পেরেছে। পরীক্ষা পাশ করেও, এত বছরে কোন খবর এলো না। অথচ গোপনে কারা নিয়োগ পেয়ে গেলো।
ছাড়া পেতে রাত ভোর হয়ে যায়। গ্রামে ফিরতে ট্রেন ধরতে হবে। এখনও অটো বাস চালু হয়নি। ফাঁকা পরিত্যক্ত বাড়ির উঠোনের ওপর দিয়ে শর্টকাট করতে চায়।

তখন সূর্য উঠছে। প্রথম আলোতে লক্ষ্য করে, ঝোপের ভিতর দুটো রক্তাক্ত শরীর পড়ে আছে। প্রথমটায় শিউরে ওঠে। একটু একটু করে কাছে গিয়ে একজনকে চেনা মনে হয়, ওদের গ্রামের এক উঠতি নেতা। মরে গেলে, জীবিত মানুষের মুখ কেমন পাল্টে যায়। আর দাঁড়ায় না, মৃতদেহ দুটোকে পাশ কাটিয়ে রজত হেঁটে যায়, সূর্যের দিকে। [political tussle]